জোরে বাজাও তালি
মূল তামিল কবিতা: কালকি সুব্রামনিয়াম
অনুবাদ: অর্ঘ্য দত্ত

[কবি পরিচিতি: কালকি সুব্রামনিয়াম একজন ট্রান্সজেন্ডার এক্টিভিষ্ট, চিত্রকর, কবি, অভিনেতা এবং ‘সহোদরা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা। ‘ইনস্পিরেশনাল স্পিকার’ হিসাবে তিনি সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য রেখেছেন। রূপান্তরকামীদের অধিকারের জন্য নিরলস কাজ করে চলেছেন কালকি, সেই কারণেই পেয়েছেন নানান পুরস্কার। কালকির প্রকাশিত তামিল কবিতার বইয়ের নাম ‘কুরি আরুথেন’। মূল চরিত্রে অভিনয় করেছেন ‘নর্তকী’ চলচ্চিত্রে। ওঁর আঁকা ছবির জন্য ‘L’Oreal Paris India-র দ্বারা ‘Woman of worth’ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়াও ২০১৭-তে কালকি সুব্রামনিয়াম হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন।]

তালি বাজাও
থিরুনাঙ্গাই
জোরসে বাজাও তালি
ধারাবর্ষণ মাঝে
যেমন করে বজ্রপাত
পৃথিবী চমকায়
তেমনি করে বাজাও দুটি হাত।
যতক্ষণ না আলোর রেখা
অন্ধ বুক চেরে
সেসব সন্তানের
যারা বৃদ্ধ বাবা মাকে
অনাথ করে একলা ফেলে
টাকার পিছে ছোটে
তাদের জন্য বাজাও দুটি হাত
থিরুনাঙ্গাই
জোরসে বাজাও তালি।
যারা ভুলে গিয়ে মায়ের ভাষা
হাঁকায় বিদেশী বুলি
শরমে মাথা হেঁট হোক তাদের,
অগ্নিশিখার মতো
ছড়িয়ে পড়ুক
তোমার মুখের তামিল ভাষা-ঝুলি
বাজাও তালি, মেয়ে আমার
গরবে বাজাও তালি।
মূর্খ মৌলবাদী
যারা ধর্মের নামে
দাবিয়ে রেখেছে নারী
ওরা অন্ধ অমানবিক।
মেয়ে, চটাপট দাও তালি
আর চিৎকার করে বলো
ধিক! ধিক! ধিক!
ও নীতিপুলিশ, জানাই তোদের ধিক!
ঢোল বাজাও, ও মেয়ে তুমি
এবার বাজাও ঢোল।
গরীব চাষীকে ঠকিয়ে যে লোভী
লুটেছে ছটাক জমি
বহুতল গড়ে করছে মুনাফা
তাদের কানের কূপ
ওড়াও আওয়াজে ঢোল ও তালির
থিরুনাঙ্গাই
আরো জোরে দাও তালি।
এই হাতগুলো,
থিরুনাঙ্গাই,
ভিক্ষা চাইতে এতদিন শুধু
দিয়ে গেছে পথে তালি,
তোমার ও হাত থিরুনাঙ্গাই
ও হাতের দীপাবলি
পুড়িয়ে ফেলুক ঠাট্টা, ব্যঙ্গ
এই হাত দিয়ে, থিরুনাঙ্গাই,
শুধু এই হাত
উৎসব রাতে আনন্দে দিক তালি।
আসুক সে দিন
এহাত গড়ুক নতুন স্বর্গ
থিরুনাঙ্গাই, তুলে নিক খোলা বই।
চালাক চাবুক
ওই সব হাত, নাঙ্গা করুক
জমে থাকা অবিচার।
ও হাত এবার জোড় হোক অবশেষে
নিতে সম্মান-মালা
মানী-জ্ঞানী যত মানুষের সমাবেশে।
(ফটোগ্রাফ: পার্থ প্রতিম চট্টোপাধ্যায় )
গোরা চক্রবর্তী
June 30, 2023 |কবি অর্ঘ্য দত্তকে জানাই অভিনন্দন কবি কালকি সুব্রামনিয়াম-এর কবিতার একটি সুললিত রূপান্তরের জন্য।
শম্পা শুচিস্মিতা
June 30, 2023 |ধন্যবাদ এমন একটি শক্তিশালী কবিতা বাংলা অনুবাদে পড়ানোর জন্য।
Supriyo Lahiry
June 30, 2023 |অপূর্ব। যেমন কনিটা, তেমনি অনুবাদ।
দেবলীনা
June 30, 2023 |দুর্দান্ত একটি কবিতার অনুবাদ পড়লাম
manasi kabiraj
June 30, 2023 |খুব ভালো এক অনুসৃজন পড়লাম।
Subhadip Maity
June 30, 2023 |সত্যিই, অপূর্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি কবিতা পড়ানোর জন্য।
Pradip Roy Chowdhury
June 30, 2023 |“এই হাতগুলো,
থিরুনাঙ্গাই,
ভিক্ষা চাইতে এতদিন শুধু
দিয়ে গেছে পথে তালি,
তোমার ও হাত থিরুনাঙ্গাই
ও হাতের দীপাবলি
পুড়িয়ে ফেলুক ঠাট্টা, ব্যঙ্গ
এই হাত দিয়ে, থিরুনাঙ্গাই,
শুধু এই হাত
উৎসব রাতে আনন্দে দিক তালি।
আসুক সে দিন
এহাত গড়ুক নতুন স্বর্গ
থিরুনাঙ্গাই, তুলে নিক খোলা বই।
চালাক চাবুক
ওই সব হাত, নাঙ্গা করুক
জমে থাকা অবিচার।
ও হাত এবার জোড় হোক অবশেষে
নিতে সম্মান-মালা
মানী-জ্ঞানী যত মানুষের সমাবেশে।”
দুরন্ত অনুভবী কবিতার অসামান্য অনুবাদ অর্ঘ্য’র কলমে । কালকী সুব্রামনিয়মের কবিতার মধ্যে যে rhyme ও ভাব আছে তার পূর্ণ মর্যাদা দিলে তোমার অনুবাদে । অভিনন্দন !
তাই খানিকটা উদ্ধৃতি তুলে দিতেই হোল ।
Nibedita Paul Nerul
June 30, 2023 |হৃদয়ে ছুঁয়ে যাওয়া শব্দ বাণ। কবিতা ও অনুবাদ অসাধারণ।
মৃণালিনী
July 1, 2023 |কবি মনের ভাবধারা অনুবাদে স্পষ্ট ফুটে উঠেছে। নতুন এক কবির কবিতা পড়া সম্ভব হল আপনার জন্য অর্ঘদা। আপনার প্রতিভাকে 🙏
Sujata De
July 8, 2023 |নির্বাক মুগ্ধতায় ছেয়ে গেল মন।
অসাধারণ কবিতাটির সাথে পরিচিতি ঘটানোর জন্য শ্রী অর্ঘ্য দত্ত মহাশ য় কে জানাই হার্দিক প্রীতি ও আন্তরিক ধন্যবাদ। লক্ষাধিক তালিও এই কবিতাটির অনুবাদের জন্য কম মনে হচ্ছে। জাস্ট স্যালুট স্যার।