রাম
সুকান্ত দে

এখন আর প্রেমের কবিতা লিখতে পারি না
প্রেমিকা কবে যেন বোমারু বিমান হয়ে গেছে
জীবন থেমে থাকে না
কান তটস্থ হয়ে থাকে
সাইরেন বাজলেই আন্ডারগ্রাউন্ডে ছুটতে হবে

সদ্য আমার জন্মদিন গেলো
সেটা এমন একটা পুজো
যাতে মুখ্যমন্ত্রীর অনুদান নেই
লক্ষ্মীর ভাণ্ডার নেই
আবার
আয়ুষ্মান ভারতও নেই

প্রেমিকা ফেসবুকে পোস্ট দিলেই
আমার স্ত্রীর মুখটা
চে গুয়েভারার মতো হয়ে যায়
গুয়েভারার মুখ ছাপা টি-শার্ট পরা ছেলেরা
অধিকাংশ তার নামটুকুই জানে
আমি তার থেকে বেশি জানি

আমি জানি চাইলেই আমার হাঁস
এখনও ডিম পাড়তে পারে
হাঁসের ডিম এক একটা সাড়ে দশ
আমার স্ত্রী হাঁসের ডিম ভালোবাসে

প্রেমিকার হংসডিম্ব মানা

কেননা কবীর বলেছেন
সকল হাঁসের ভেতর রাম বিরাজ করেন

আমি মূলত প্রেমের কবিতাই লিখতে চাই
সেখানে বিতর্কিত রামমন্দির জেগে ওঠে

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...