চরৈবেতি
বম্বেDuck প্রকাশ করতে দেরি হয়ে গেল। অনিচ্ছাকৃত সে কথা বলাইবাহুল্য। ১৪২৩ থেকে ১৪২৭, বম্বেDuck-এর পাঁচ বছর পূর্তি হল। একটি পর্যায়। এই পর্যায়ে অসংখ্য নতুন লেখক পত্রিকায় লিখেছেন, বম্বেDuck ওয়েবজিন ছাড়াও তিনটি মুদ্রিত বইমেলা সংখ্যা প্রকাশ করেছে যেগুলি সামান্য হলেও পাঠকমহলে সমাদৃত হয়েছে। আমাদের পক্ষ থেকে এইটুকুই বলার যে বম্বেDuck কখনোই সস্তায় বাজিমাৎ করার চেষ্টা করেনি। আমরা সাহিত্যের প্রতি যতখানি সম্ভব সৎ থাকার চেষ্টা করেছি। তবু মনে হয় আরও কিছু পাবার ছিল যা পাইনি। আলোচনা হচ্ছিল। আমাদের গুরু স্থানীয় এক দাদা একটা গল্প শোনালেন। বললেন, ছেলেবেলায় একবার মুসুরি-পাহাড়ে গিয়েছিলাম। রাস্তার ধারে পাহাড় দেখে লোভ হল চূড়ায় ওঠার। উঠতে শুরু করলাম। যতই উঠি দেখি চূড়া দূরে সরে যাচ্ছে। শেষে হাল ছেড়ে, পিছন ঘুরে দেখলাম অবাক কাণ্ড! নিজের অজান্তেই অনেক খানি উপরে উঠে এসেছি। এই রকম উৎসাহ পেলে লেগে থাকা যায়। যাইহোক, প্রাথমিক পর্যায়ের এটিই হবে শেষ সংখ্যা।
বাংলা নতুন বছর ১৪২৮ থেকে শুরু হবে বম্বেDuck-এর দ্বিতীয় পর্যায়। শুধুমাত্র ‘আরও একটা নতুন পত্রিকা’ এই অভিধা থেকে বেরিয়ে আসতে চায় বম্বেDuck। নতুন পর্যায়ে পত্রিকা হবে বিষয় ভিত্তিক। এবং প্রত্যেক কবি লেখককে, লেখা নির্বাচনসাপেক্ষে, প্রতীকী সাম্মানিক দেওয়ার চেষ্টা করা হবে, সে যত সামান্য অর্থমূল্যেই হোক না কেন। ফলে লেখার সংখ্যা হবে অনেক কম। সদর্থে, পত্রিকার বয়স বাড়ার সংগে সংগে যতটুকু চর্বি জমেছে তা বিসর্জন দেবার আয়োজন করা হবে এবং চেষ্টা করা হবে যাতে প্রতিটি সংখ্যা অন্তত বিষয়গুণে কিছু পাঠকের কাছে সংরক্ষণযোগ্যতা অর্জন করতে পারে। আমাদের দিক থেকে প্রয়াসের কোনও ত্রুটি থাকবে না। বাকি পাঠকের মর্জি। দেখা যাক! অতিমারীকে জয় করে চূড়ার কত কাছাকাছি পৌঁছোন যায়। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকুন। চরৈবেতি।
Anjanaa Chattopadhyay
March 13, 2021 |রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে – এই অমোঘ সত্যকে মনে রেখে নব পর্যায়ের বম্বেDuck-কে স্বাগত জানাই। বম্বেDuck দিকে দিকে ব্যাপ্ত হোক, আরও সাড়া তুলুক, সাহিত্যপত্রিকা হিসেবে চূড়া স্পর্শ করুক।
Pradip Roy Chowdhury
March 14, 2021 |ধন্যবাদ অর্ঘ্য , এই সুচিন্তিত সম্পাদকীয় লেখাটির জন্য ।
“বম্বে duck “ পত্রিকার পাঁচ বছর পূর্তি নিশ্চই প্রশংসনীয় ।
পাঠক , লেখক উভয়ের পক্ষেই আশাজনক খবর । যতদূর দেখেছি প্রথম থেকেই পত্রিকার মান রক্ষা ও পাঠকের সমাদৃত হওয়া ইত্যাদি বিষয়ে সম্পাদক মন্ডলী যথেষ্ট সচেতন ।
আগামী সংখ্যা থেকে “বন্বে duck”- এর নবরূপ , বিষয় ভিত্তিক লেখা এবং প্রকাশিত হবার আগে তার গুণমান নির্ধারণ -ইত্যাদি ব্যাপারে আরো সচেষ্ট হওয়া , প্রকাশিত লেখার জন্য সান্মানিক প্রদান করা লেখকদের জন্য , সবকিছুই আগামী দিনে পত্রিকার বহুল প্রচারে সহায়তা করবে ।
অবশ্য ,বিষয় ভিক্তিক লেখার প্রসংগে অর্ঘ্য নিশ্চই আগামী দিনে আরো বিষদ ভাবে লিখে জানাবে ।
পর্বত নাই বা আসুক মহম্মদের কাছে ,” বম্বে duck “ -এর পাঠককুল , লেখক ও সম্পাদক মন্ডলীর প্রয়াসে আমাদের প্রিয় পত্রিকা যে পর্বত ডিঙিয়ে যাবার ক্ষমতা রাখে তাতে কোন সন্দেহ নেই ।
ঝর্না বিশ্বাস
March 15, 2021 |শুভেচ্ছা প্রচুর প্রিয় পত্রিকাটিকে। নতুন রূপ আরও সমৃদ্ধময় হবে এটুকু জানি।
সুব্রত মণ্ডল
March 18, 2021 |বম্বেDuck এর জন্য আমার শুভেচ্ছা রইলো