অন্তরীণ পর্ব
সঞ্জীবন রায়
অন্তরীণ পর্ব: এক
শূন্যতার মধ্যে জেগে থাকা রূপকথাগুলি হটাৎই আবছা
গতিজাড্যের তুমুল আবেগে বাজতে থাকা পারদখচিত পেণ্ডুলামের আবহে
সবুজ উদাসীনতার উপাসনাগৃহ থেকে বেরিয়ে এলে তুমি
মুখের পেলব সৌষ্ঠব মুছে, ফুটে উঠেছে দীর্ঘ তপস্যার ব্রহ্ম
আঙুলের ছোঁয়ায় ছুঁয়ে দিলে বহ্নিমান কাম এবং অনাগত শোক
একটি আয়ুরেখার বিনিময়ে এ যেন মুহূর্তের আনন্দ তিরস্কার
মাথার ভিতর চিন্তার সহস্র পাকে বেঁধে ছিল যে আশঙ্কার তীর
ছুটে গিয়ে বিদ্ধ হবে তোমার উদ্ধত বুকে, তাকেও কি ফেরাবে তবে তুমি?
ধূমল প্রশ্ন চিহ্নগুলো উড়ে যেতে থাকে দ্রুত বিষুব রেখায়l
অন্তরীণ পর্ব: দুই
গাণিতিক চিত্রভাষার বিপরীতে যে বসে আছে সুকুমার অজ্ঞতা নিয়ে
তার আবহে উড়ে উড়ে ছায়া ফেলে, সফলতার দূরগামী পালক এবং
পুরুষকারের দৃঢ় অঙ্গীবদ্ধ বিদ্রুপl সোনালী রোদের অনাস্বাদিত উষ্ণতা
ছায়াঘেরা প্রকোষ্ঠের থেকে দূরে হাতছানি দিয়ে চলে নিরন্তর
অবতলে বিচ্ছুরিত ঐহিক সমীকরণে ধ্রুবক, স্মৃতিময় দুঃখগুলি
বিন্দু বিন্দু অযুত স্রোত হয়ে নামে উষ্ণ নাভিমূলে
সঙ্গোপনে রাখা স্বপ্নের ভষ্মীভূত অবশেষেl বিপজ্জনক ভারসাম্যে
ভর রেখে সে ভাবছে তখনও কার কথা? স্পর্ধিত বিষ্ময়ে
উত্তরাধিকারহীন পরাগ দুরন্ত পেশল পায়ের পাতায় স্পর্শের
অপেক্ষায় একা দৌড়বীর এর মতো অচেতনে ফিরিয়ে আনতে চায়
গতির নতুন ছন্দনির্ঘোষl উন্মুখ শ্রবণে সমগ্র সুষুম্না জুড়ে বেজে যেতে
থাকে তার প্রথম তারুণ্যের সরগম, অনেক অমীমাংসিত যুদ্ধেরl
Pran G Basak
March 29, 2021 |একসময় দিল্লির উপর লেখা ” ফ্রেম সিরিজ “” এর কবিতা অনেক পড়েছি। খুব ভালো লাগতো। ওর কবিতার সাথে আমার পরিচয় আছে। তবে এই কবিতার আঙ্গিক ভিন্ন মাত্রার। উচ্চ মানের পরিধি। ভালো লাগলো। কবিকে কবিতায় থাকার জন্য ধন্যবাদ জানাই।
শুভেচ্ছা।
প্রাণজি বসাক।