জীবন
দেবলীনা চক্রবর্তী
মাঘী পূর্ণিমার আকাশে দেখেছি বৈষ্ণবী চাঁদ
আপন কক্ষপথে অবিচল, অনুষ্টুপ ছন্দে বিভোর।
যেন প্রতিটি ব্যর্থতা, মলিনতা, ক্লান্তিকে
দুধসাদা জ্যোৎস্নার চাদরে ঢেকে দিয়ে
নতজানু হয়ে এসে বসে পৃথিবীর সভাগৃহে
শুদ্ধ বৈরাগ্যে,পদাবলীর মতো….
এমনই ধীময়ী জ্যোৎস্নায় তোমাকে গাছ বলে মনে হয়
যেন ফুলে ফলে ভরে উঠেছ আর রূপ – রস – গন্ধে মাতোয়ারা
দেহের নিগূঢ় তত্ত্বে, নিশ্চিত সত্যের মতো
কেবলই তোমার ডাল থেকে পত্রপুষ্প, আনন্দ, বেদনা ঝরে যায়!
আমি দেখি তোমার দিকে দৃষ্টি নম্র করে,
এ পৃথিবীর যাবৎ ধূলোহাওয়া বুকে করে, অবুঝের মতো ঝুঁকে থাকো ছাতিম বিকেলে!