দুটি কবিতা
অয়ন ঘোষ
খিদে
মাঝ রাতের ঘুম চিরে, প্রায়ই
বেরিয়ে আসে একটা হাইওয়ে
কালো শরীরে সর্পিল গতি, আর
পিছলে যাওয়া আলোর মন্তাজ।
দুইয়ে দুইয়ে চার হলে
খেলা জমে ওঠে সার বেঁধে দাঁড়িয়ে থাকা
বিষন্ন ট্রাকের পেটের ভিতর
পেটের টানে।
আঞ্চলিক! প্রাদেশিক!
কাপড়ের নিচে সব সমান।
খিদের আদিম টানে ভারত বর্ষ গাইছে
বিভেদের মাঝে দেখ “মিলন” মহান!
রহস্য
বিপরীত সঙ্গমে মৃত্যু স্থির
শিয়রের কাছে, সময় জানে
মুষল পর্বের দায়।
শরীরের কাছে হেরে শরীর তখন
চন্দ্রাহত।
নির্জন ক্ষেতে লুণ্ঠন চিহ্ন
ঘুমিয়ে পড়েছে।
শীৎকার
ঘুমপাড়ানি গানের মতো অলৌকিক
প্রতিটি মন্থনে বিধুর অরনিখানি।
আগুন স্রোতে ভেসে যায় আগামীর বীজ
আবাদের ঘ্রাণে ম ম করে গাঁ ঘরের কথা।
সূর্য মণ্ডল
March 22, 2021 |অয়ন দুটি কবিতায় খুব সুন্দর