মন খারাপের দিনে
মানসী কবিরাজ
আলটপকা মেঘ এসে, গিলে খায় আস্ত দুপুর;
যেন এখনই,
শুরু হবে দুষ্পাচ্য রাত
যেন চেনা ছবিতে ফাটল ধরিয়ে
এখনই বেরিয়ে আসবে অচেনা বিপ্রতীপ কোণ
যেন ঢেলার মতো বৃষ্টিরা নামতে নামতে, হঠাৎই থমকে দাঁড়াবে
যেমন সিগন্যাল আলো জ্বলে গেলে, থমকে যায়
বয়স্ক ত্বক…
দুপুরের এত সব ঝক্কি সয় না
শুধু মনখারাপকেই সব কিছু সয়ে যেতে হয়
সমস্ত ভাঙন
মনখারাপের নদী পাড় জুড়ে শুধুই ভাঙন
নদী তো আগুন নয়, যেন এক কামার্ত জিভ
আগুন তো ছাই ফেলে রাখে
নদী গিলে খায় সব