ম্যাজিক মোমেন্ট
দেবাশিস ঘোষ
সব জাদুস্বপ্নগুলোই এখন হাতের তালুতে
এ মা, জানিস না চাঁদে চরকা কাটে বুড়ি !
অনেক অ-নে-ক দিন আগে আকাশটা ছিল ঠিক আমাদের মাথার ওপর
ঝাঁট দিতে গিয়ে একদিন ঠাকুমার ঠাকুমা তার ঠাকুমার মাথায় ঠেকল আকাশ
তিনি তো রেগেই আগুন,
দমাদম ঝাঁটা দিয়ে বেশ কিছু ঘা দিলেন আকাশের গায়ে
তারপর ? তারপরেই তো আকাশ উঠে গেল উঁচুতে আকাশে
আকাশ ফালাফালা করা বজ্রকেও এখন পুষে রেখেছি ঘরের দেয়ালে পোষা তারের ভেতর
মেঘে চড়ে স্বপ্নেরা আর আসে না এদেশে
শিশুদের শেখানো গেছে দুরকম টাচ হয় — গুড আর ব্যাড
আমাদের ভুলে ভরা দিনগুলো এখন ঠিকঠাক, ফিটফাট হয়ে উঠছে
মানুষ ফুরিয়ে গেছে,
কাছে আসে টিউটর, বিমার এজেন্ট
আমাদের বৈভবী স্বপ্নরা প্রচন্ড তাপে ধোঁয়া হয়ে উড়ে গেছে
সবারই হাতের তালুতে এখন ম্যাজিক মোমেন্ট