ভেবে দেখলাম
শর্মিষ্ঠা ঘোষ
ভেবে দেখলাম আমি আসলে কিছুই পারি না হারকিউলিস নই যে
দুহাতে ছুঁড়ে ফেলে দেব সব মন্দ কূ তেমন কেদারাসীন নই
ছড়ি ঘুরিয়ে বদল করব প্রবাহিনী তেমন পাথর হৃদয় নুড়ি নই
ধুলো নই যে মাথায় চড়ে বলব দেখ কেমন লাগে!
খাগের কলমে মসী কবে ফুল বেল পাতায় লিখেছে সংকল্প
যা দেবী সর্বভূতেষু বলে কোথায় ছুঁড়লাম আর কোথায় পৌঁছলো
ঝরা পাতায় খুঁজে তৃষ্ণার গুঁড়ো পেয় অপেয় না জেনেই ছুঁইয়েছি ঠোঁট
তার অমৃত টুকু বাঁচায় গরলটুকু মারে দৃশ্যত কোনো মন খারাপ নেই
মাটির কাছে অঙ্কুর বিধি শিখছি যে সব ঘোড়া অশ্বমেধের বলি
সান্ত্বনা পাচ্ছি তাদের কথা ভেবে ফলত কোনো সবুজ খেয়াল নেই
তুমি এমনি এমনি ভেবে যাচ্ছ ভালো নেই আমি
কথার পিঠে কথা সাজানোর কারিগরিও আমার তো নয়
তুমি কেন সেই পদাঙ্কে তবে নিজেকে বিঁধছো?