দুটি কবিতা
সমর সুর
অজ্ঞাতবাস
অপেক্ষায় আছি
কচুপাতা থেকে বৃষ্টি নিংড়ে শেষ জলটুকু পড়ে গেলে
প্রেমের প্রস্তাব দেবো
তারপর না হয় বলবো অজ্ঞাতবাসের কথা।
অপেক্ষায় থাকি
আর বসে বসে দেখি জল ও পাতার ধারনক্ষমতা আনুগত্য।
এ প্রশ্নের ভিতর রাজশাহী থেকে আসা এক উদভ্রান্ত যুবকের মুখ ভেসে ওঠে।
পুনরায় মেঘের গর্জন শুরু হল
মশারির ভিতরে সুযোগ বুঝে রাত্রি ঢুকে যেতেই
ভেঙ্গে গেলো সব নিষেধাজ্ঞা।
অন্ধকারে চোখ ডুবে যায় বৃষ্টির শব্দে মিশে গেল
গোঁসাই বাড়ির অষ্টম প্রহর নাম কীর্তন।
এই যা ! নতুন জুতো জোড়া ভিজে যাচ্ছে প্রবল বর্ষণে।
অপেক্ষায় থাকতে থাকতে পার হয়ে গেল অজ্ঞাতবাসের দিনগুলো।
মৌরীগ্রাম
আমৃত্যু ভালোবাসা চাই না
এক বসন্তের পলাশ হতে চাই অন্তত সেইটুকু হলে
চলে যাবে বাকিজীবন।
তারপর দীর্ঘ শ্রাবণে ভেসে যাবো রূপনারায়ন থেকে মৌরীগ্রাম
হয়ত বা হত দরিদ্র কোন কৃষকের মতো।
আমৃত্যু তোমাকে চাই না
তোমার সবুজ অরণ্যে থাক কোকিলের গান,বনফুল আর
ঝরা পাতার বিষন্নতা।
শুধু আমার জরাব্যাধির পাশে থাকুক একটা বুদ্ধের মূর্তি আর
ওষুধপত্রের পাশে বেগম আখতার।
পুনরায় একবার ঘুরে আসতে চাই মৃত্যুর আগে মৌরীগ্রাম।
যুগান্তর মিত্র
March 13, 2021 |দুটো কবিতাই দারুণ!