দুটি কবিতা
মীরা মুখোপাধ্যায়
সিনিক মানুষের কথা
আমরা কথা হারিয়ে ফেলেছিলাম
বুলেভার্দের দুপাশে তখন ক্রমাগত আলোকহীনতা
এক একটা ভারী ট্রাক ছুটে যাচ্ছে
স্পষ্টতই শূন্যতার দিকে
একজন সিনিক মানুষ
যে একদা মঞ্চসফলতা আর
ভীষণ গ্রীষ্মের পর স্নান ভেবেছিল
আজ তার কিচ্ছু নেই…
ট্রাকের পিছনে তবু লেখা থাকে
চেষ্টা করো আর ব্যাকলাইটের
লাল বিচ্ছুরন তাকে আরো তীব্রতর করে
একটি বিষন্ন জন্মদিন
আমি আঙুল ডুবিয়ে নিয়েছি
বিষাদের নীলাভ দ্রবণে
আর সেই তীব্র নীলে লিখে রাখছি
আজ আমার জন্মদিন
তোমরা বুঝবেনা, একাকিত্ব তোমরা দেখোনি
কিভাবে বুকের মধ্যে মরা নদী জেগে ওঠে…
দরজা ভেজিয়ে দিয়ে
আটান্ন বছরের দিকে
একা একা হেঁটে যাওয়া তোমরা জানো না