দুটি কবিতা
অর্ঘ্য রায় চৌধুরী
প্রান্তবেলায়
কেমন আছ তুমি?
অনেকদিন কোনো খবর নেই তোমার
কত সূর্য ডুব দিল দিকচক্রবালে
কত ভোর নাকছাবি দুলিয়ে হেঁটে গেল
কত গান বৃষ্টি হয়ে ভিজিয়ে দিল পথ
শুধু বহুদিন তুমি নেই তুমি নেই
কতগুলো রাতে আমি পাশ ফিরে দেখি
সুদূরে দিগন্তে লেগে আছে আলোর এক আভা
যেন ওইখানে এসেছিলে তুমি
আলোটুকু ফেলে চলে গেছ।
শেষের কথাগুলো
অনেকগুলো দিন কেটে গেল
হাঁটতে হাঁটতে যেখানে এলাম
সেইখানে ভাঙা নদীখাত
হারানো গল্পগুলো মুছে যাওয়া তারার মতন
ফিসফিসে স্বরে কথা বলে
রাত নামে আঙুলের ভাঁজে
লিখতে বসলে দেখি অচেনা আঁধার এক
পাশে এসে বসে
অন্ধকারের কথা লিখি।